নিয়ম না মানা জাহাজকে প্রতি রাতেই শাস্তি দেওয়া হচ্ছে: আইআরজিসি
হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে প্রতি রাতেই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। বাহিনীর রাজনৈতিক উপপ্রধান আলী মোহাম্মাদি বলেছেন, এ ধরনের জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মাদি বলেন, যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই হরমুজ প্রণালিতে ‘সম্পূর্ণ ও নিরঙ্কুশ’ নজরদারি বজায় রেখেছে আইআরজিসি নৌবাহিনী। ভবিষ্যতেও সেখানে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—দুই ধরনের অভিযান চালানো হবে।
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন কী পরিমাণ তেল পরিবহন হচ্ছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া পরিসংখ্যানও নাকচ করেন তিনি। মোহাম্মাদির দাবি, প্রতিদিন ৩০ লাখ থেকে ৮০ লাখ ব্যারেল তেল পরিবহনের যে হিসাব দেওয়া হচ্ছে, তা সঠিক নয়।
তিনি এসব পরিসংখ্যানকে ‘গণমাধ্যমের অনুমান’ হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, তেলের দাম কমানো এবং বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এ ধরনের তথ্য প্রচার করা হচ্ছে।
মোহাম্মাদি আরও বলেন, হরমুজ প্রণালির যেকোনো এলাকায় ইরানের নিয়ম ভঙ্গ করছে বলে বিবেচিত জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত আইআরজিসি নৌবাহিনী। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল ও এর আশপাশে নিরাপত্তাহীনতা তৈরির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।
এমএ//