জাতীয়

সুবিধাজনক সময়েই ভারত সফর করবেন তারেক রহমান: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই এ সফর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন সফরের জন্য উপযুক্ত সময় মনে করবেন, তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বৈঠকটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে হয়েছে। ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্কসহ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। কোনো নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে নয়, বরং সামগ্রিক সম্পর্ক নিয়েই মতবিনিময় হয়েছে।

পরে এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সঙ্গে সুদূরপ্রসারী, টেকসই ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন