হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে রোকন আহমেদ জয় (২৬) নামে এক সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে ঘর থেকে ডেকে নিয়ে রোকনের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
স্বজন ও স্থানীয়রা জানায়, এই ঘটনায় প্রায় এক মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি।
ওসি মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য তার কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
আর/আই