জাতীয়

জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া : প্রতিমন্ত্রী নূর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলা। জামায়াত-শিবিরের যেকোনো ধরনের ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা, পতিত ফ্যাসিস্টরা এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে একদল ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। একদিকে ফ্যাসিস্টরা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশও একই ধরনের কথা বলছে। এসবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন।

তিনি বলেন, অতীতে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে রাজপথে ছিল। বর্তমানে দলটির ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের বিষয়ে তিনি আরও বলেন, সালমান মুক্তাদির দেশের তরুণদের মধ্যে জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। তার প্রতি মানুষের যে সংহতি ও সমবেদনা দেখা গেছে, তা ইতোমধ্যে সবার নজরে এসেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন