রাজনীতি

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে  আওয়ামী লীগ সন্দেহে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাসদের নেতৃবৃন্দের কাছ থেকে  নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। এর মধ্যে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে তিনি আরও বলেন, তাদেরও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পুলিশ জাসদের নেতাকর্মীদের হেফাজতে নিতে পেরেছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।  

সভার অনুমতি বিষয়ে সাকিবুল আলম ভূঁইয়া বলেন, তারা পুলিশের কাছে আবেদন করেছিল কিন্তু তাদেরকে ওখানে মিটিং করার জন্য অনুমতি দেওয়া হয়নি।

জাসদ কার্যালয় দখলের চেষ্টা করছে এ অভিযোগ নিয়ে  তিনি বলেন, ওই কার্যালয়ের দখলের কোনো সুযোগ নেই। কার্যালয়টি এখন পুলিশের হেফাজতে রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন