নেপালে হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১০
নেপালের পশ্চিমাঞ্চলীয় মানাং জেলায় হিমলুং হিমাল পর্বতশৃঙ্গে তুষারধসে পর্বতারোহী ও সহায়ক কর্মীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
৭ হাজার ১২৬ মিটার বা ২৩ হাজার ৩৭৯ ফুট উচ্চতার হিমলুং হিমাল পর্বতশৃঙ্গে এ তুষারধসের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রাম কৃষ্ণ লামিছানে।
নিখোঁজদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট।
পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাতের মধ্যেই তুষারধসের এ ঘটনা ঘটে।
এদিকে একই দিন নেপালের পালপা জেলায় ভূমিধসে একটি বসতিতে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে পার্বত জেলায় কালীগণ্ডকী নদীর পানি বেড়ে একটি বসতি প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮০টি ঘরবাড়ি ভেসে গেছে বলে জানা গেছে।
এর আগে গত মাসে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। ওই বন্যায় ১ হাজার ৩৫০ জনের বেশি মানুষ নিহত হন। এখনও ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
এসি//