ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যা
রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে মেয়ের দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নজরুল ইসলাম খান উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে ‘Ru Na’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিবেশীদের নিয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়। ওই স্ট্যাটাসের নিচে একই আইডি থেকে করা একটি মন্তব্য নিয়েও আপত্তি ওঠে। এ নিয়ে স্থানীয়ভাবে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
ঘটনার দিন সকালে নজরুল ইসলাম খান ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপীর কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়।
একপর্যায়ে নজরুল ইসলামকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় তার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নিহতের মেয়ে রুনা বলেন, আমার দেয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে আমার বাবাকে মারধর করে। একপর্যায়ে মাথায় আঘাত করা হলে বাবা মারা যান। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে মারামারি হলে রুনার বাবা নজরুল ইসলাম খান মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আর/আই