জাতীয়

পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে গুনতে হবে ১০ হাজার টাকা জরিমানা

দেশে পাসপোর্ট প্রথমবার হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হয়ে গেলে নির্ধারিত ফি’র বাইরে কোনো অতিরিক্ত দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ঘটনায় নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

এ বিষয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৭ শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।

পরিপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার কথা জানিয়ে পুনরায় পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করছেন। পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ঘটনা ঘটলে দ্রুত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন ব্যবস্থার মাধ্যমে বিষয়টি জানাতে হবে। একই সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে।

প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে নির্ধারিত ফি পরিশোধ করেই পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো দণ্ড ফি আরোপ করা হবে না। তবে একই ব্যক্তির পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে হারানো, চুরি বা নষ্ট হলে প্রতিবার নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন