খুলনায় মেসে শিক্ষার্থীকে হত্যা, খুবির সাবেক ছাত্র গ্রেপ্তার
আগে থেকে মেসে খাবারের কথা না বলে খেয়ে ফেলার অভিযোগে খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমলকে পিটিয়ে হত্যার অভিযোগে হাসনাত হাবিব রিফাত (৩০) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশাল এর যৌথ একটি দল পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসআরবি ৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর আজুমল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করা হয়। সে সিরাজগঞ্জ সদরের গুনেরগাতির মনোয়ার হোসেনের ছেলে।
এ র্যাব কর্মকর্তা জানান, রিফাত উক্ত ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে কেএমপি, খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন জানান, রিফাতকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। আজমুলকে হত্যার ঘটনায় হরিণটানা থানায় একটি মামলা করেছেন তার বাবা কুতুব উদ্দিন। মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৪ শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে।
এর আগে গতকাল নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন, ব্লকেড কর্মসূচি থেকে আজমুল হত্যা মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আজমুলের মেসের শিক্ষার্থীরা জানান তারা দৌড়াদৌড়ি ও চিল্লাচিল্লির শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন, আজমুল নিচে পড়ে আছে।
প্রতিবেশী ও পাশের ভবনের লোকজন জানান,খাবার চুরির অপবাদ দিয়ে আজমুলকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে আজমুল চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যায়।
আই/এ