রাজধানী

মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। রোববার (২০ সেপ্টেম্বর) মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হাইকোর্ট ও সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের সড়কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর পর দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। হাইকোর্টের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শনিবার রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার পর শাহবাগের তিন নেতার মাজারের পাশে বিস্ফোরণ হয়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন অংশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায়ও একাধিক ককটেল বিস্ফোরণ হয়। এতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।

ককটেল বিস্ফোরণের পাশাপাশি শনিবার সন্ধ্যা ও রাতে রাজধানীর মিরপুর, মধ্যবাড্ডা ও দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যায় মিরপুরে দুটি এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, রামপুরা ও নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। একই দিন কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এদিকে রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগকে দায়ী করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মো. শাহীন দাবি করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে।

তবে এসব ঘটনায় কারা সরাসরি জড়িত, তা নিয়ে পুলিশের তদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন