কক্সবাজারে ৮৯ হাজার ইয়াবাসহ আটক ১
মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিনি বান্দরবান রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে যাত্রী মো. এরফানকে (৩০) অভিনব কায়দায় প্রাইভেট কার গাড়ির নিচে লুকায়িত অবস্থায় ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোন আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত এরফান কক্সবাজার সদরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে। এ ঘটনায় টেকনাফের সাবরাং সিকদার এলাকার মৃত জহির আহম্মেদের ছেলে মো. কাদের (৪৫) ও মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. মুনসুর (৫৫) পলাতক রয়েছে।
আটককৃত ব্যক্তিকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বাসস
এমএ//