দেশজুড়ে

ডাকাতি শেষে ছেলের সামনের মাকে ধর্ষণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে বেঁধে রেখে তার সামনেই তার মাকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।  এ ঘটনায় রাজিব নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার একটি ইউনিয়নে ঘটনাটি ঘটে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ আজ (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২) ও মোফাজ্জলের ছেলে রাজিব (২৩), নূরুল ছেলে এনামুল (২২) এলাকায় চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। এই পাঁচ জন যুবক অস্ত্রসহ একই এলাকার প্রবাসীর নির্মানাধীন বাড়িতে প্রবেশ করে প্রবাসীর ছেলের কাছে পানি চায়।

প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলে পানি নিয়ে দরজার কাছে আসা মাত্রই ডাকাত দল প্রবাসীর ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকেও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নেয়।

ডাকাতি শেষে ওই যুবকেরা প্রবাসীর ছেলের গলায় চাপাতি ধরে তার মাকে দরজার সামনে এনে সংঘবদ্ধ ধর্ষণ করে। রাজিব নামের ডাকাত দলের সদস্য ভিডিও ধারণ করে। তাদেরকে হুমকি দেয়, আগামী তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা না দিলে এবং এই ঘটনা প্রকাশ করলে ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।

ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা গফরগাঁও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে আসে। আজ শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্জন স্থানে অভিযুক্তদের ঘেরাও করে। অভিযুক্ত চার জন পালিয়ে গেলেও রাজিকে পুলিশ আটক করে। ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটি রাজিব পানিতে ফেলে দিলে থানা পুলিশ পানি থেকে মোবাইলটি উদ্ধার করে।

ওসি মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান। অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই বাকি আসামীদের আইনের আওতায় আনা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন