জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে হাসপাতালটিতে নতুন করে আরও ২০০ শয্যা যুক্ত হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন শয্যাগুলোতে চিকিৎসাসেবা চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম যথাযথভাবে অনুসরণের শর্তে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ৭০০ করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা চালুর প্রশাসনিক অনুমোদনও দেওয়া হয়।
দেশে ক্যানসার রোগীদের চিকিৎসায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। শয্যা বাড়ানোর ফলে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে।
মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, নতুন শয্যাগুলোতে সেবা কার্যক্রম চালুর সময় সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্যসেবা বিভাগ এ প্রশাসনিক অনুমোদন দিয়েছে।
সূত্র: বাসস
এসি//