পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, বদলি ১১ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়, রেঞ্জ ও উপমহাপরিদর্শক পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বিসিএস পুলিশ ক্যাডারের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক উপমহাপরিদর্শক মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর অধ্যক্ষ করা হয়েছে।
ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. ইকবাল হোসেনকেও অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. কামরুল আহসানকে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার অধ্যক্ষ অতিরিক্ত মহাপরিদর্শক জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে উপমহাপরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক করা হয়েছে। খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের উপমহাপরিদর্শক মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ শাখার উপমহাপরিদর্শক মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।
আর ম্যাস র্যাপিড ট্রানজিটের উপমহাপরিদর্শক সিদ্দিকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার উপমহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসি//