সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল ছাড়াও উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে গত ২৯ আগস্ট সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন ৫৫ বছর বয়সী শিক্ষিকা রনজিনা পারভীন।
পুলিশ জানায়, সেদিন সকাল সাড়ে ৬টার দিকে তিনি বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়।
হঠাৎ টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে নিচে পড়ে যান রনজিনা পারভীন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৩০ আগস্ট রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এসি//