আন্তর্জাতিক

বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে নিহত ১৬

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবীণের মৃত্যু হয়েছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে পিত্রুফকেনের এল এদেন বৃদ্ধাশ্রমে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৬ জনই ওই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। আগুন লাগার পর আরও ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে শনিবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মামলার তদন্তে নেতৃত্ব দেওয়া সরকারি কৌঁসুলি হোর্হে গ্রানাদা জানিয়েছেন, আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর শনিবারও ঘটনাস্থলে কাজ করেন দমকলকর্মীরা। তারা ধ্বংসাবশেষ সরানোর পাশাপাশি আগুনে ধসে পড়া ঢেউটিনের ছাদ অপসারণ করেন। নিরাপত্তার কারণে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ।

ঘটনার পর চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত দেশের সব বৃদ্ধাশ্রমের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও তদারকিতে কোথাও কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না এবং সেসব সতর্কতার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেগুলোও পর্যালোচনা করা হবে।

প্রেসিডেন্ট কাস্ত বলেন, ঘটনার প্রকৃত কারণ বের করা জরুরি। ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় মেয়র জ্যাকলিন রোমেরো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, এই দুর্ঘটনা পুরো এলাকাকে গভীর দুঃখ ও কষ্টের মধ্যে ফেলেছে। নিহতদের পরিবারের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার কথাও জানান মেয়র জ্যাকলিন রোমেরো।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন