পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা টেকসই নয়: ইরানের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলা প্রমাণ করেছে, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া কোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব নয়। বলেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার (১৩ সেপ্টেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস প্লাস সম্মেলনে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, কোনো দেশের অর্থনীতি, জ্বালানি ও উন্নয়ন অবকাঠামোতে হামলা হলে এর প্রভাব শুধু ওই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দ্রুত তা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, সাম্প্রতিক হামলায় নারী ও শিশুসহ ইরানের সাধারণ মানুষকে বড় মূল্য দিতে হয়েছে। একই সঙ্গে কয়েক দশক ধরে দেশের উন্নয়নের জন্য গড়ে তোলা গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজা ও লেবাননের পরিস্থিতি তুলে ধরে ইরানি প্রেসিডেন্ট জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ব্রিকসের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে শক্তি প্রয়োগের বিরুদ্ধে নীতি সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান পেজেশকিয়ান। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় সদস্য দেশগুলোর সক্ষমতা বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে আরও শক্তিশালী করার কথাও বলেন তিনি।
পেজেশকিয়ানের মতে, ব্রিকস এমন একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থার প্রতিনিধিত্ব করে, যেখানে কোনো একক শক্তি অন্য দেশগুলোর ভাগ্য নির্ধারণ করতে পারে না।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাত চলমান রয়েছে। এসময় ইরানের সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।