স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসাসেবা পাওয়া কোনো বিশেষ সুবিধা বা অনুগ্রহ নয় বরং এটি দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। একইসাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সহজে ও সুলভে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি ব্যবস্থার পাশাপাশি জনগণের ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশের দক্ষ চিকিৎসকদের পাশাপাশি বিদ্যমান আধুনিক মেডিকেল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। দেশের দক্ষ চিকিৎসকের পাশাপাশি যে মেডিকেল টেকনোলজি রয়েছে, তা দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি। সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।
আর/আই