দেশজুড়ে

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে বিএনপি সরকারকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সমালোচনামূলক বক্তব্যের জবাবে আশুগঞ্জে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি। দ্রুত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আশুগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া ঝাড়ু মিছিলটি আশুগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেনসহ একাধিক নেতাকর্মী।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, চলমান জ্বালানি সংকটকে অজুহাত করে রুমিন ফারহানা ‘অসংসদীয় ভাষায়’ বিএনপির সমালোচনা করেছেন, যা আশুগঞ্জ উপজেলা বিএনপি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। অবিলম্বে বক্তব্য তুলে না নিলে আশুগঞ্জের মাটিতে তাকে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রুমিন ফারহানা মন্তব্য করেন, প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, সারে যারা গরীব কৃষক আছেন তারা সার কারখানায় গিয়ে সেটা লুট করবেন না, সেটাও হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন