রাজধানী

পাওনা টাকা চাইতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৩ দিন পর বালিচাপা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত ফাইল ছবি

রাজধানীর লালবাগে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তার ব্যবসায়িক সহযোগী মাসুমের বিরুদ্ধে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে বিসি দাস স্ট্রিটের একটি বাড়ির নিচতলা থেকে বালিচাপা অবস্থায় রনির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার হাত-পা বাঁধা এবং মুখ পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, ব্যবসায়িক লেনদেনের পাওনা তিন লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে রনিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাসুমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নিহত রনির মেয়ে রামিসা আক্তার সোনাম জানান, তাদের বাড়ি যাত্রাবাড়ীর শেখদী এলাকায়। রনি জমি কেনাবেচার ব্যবসা করতেন। চকবাজারের আসিক টাওয়ারের ইমিটেশন অলংকার ব্যবসায়ী মাসুমের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল। মাসুমের কাছে রনির তিন লাখ টাকা পাওনা ছিল।

রামিসার ভাষ্য, গত ৮ সেপ্টেম্বর দুপুরে বাসা থেকে বের হওয়ার সময় রনি জানান, মাসুমের কাছ থেকে পাওনা টাকার চেক আনতে যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি। ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ওই দিন সন্ধ্যায় রনিকে খুঁজতে মা ও মেয়ে লালবাগে মাসুমের বাসায় যান। সেখানে তারা শুধু মাসুমের স্ত্রীকে পান। পরে ফোনে মাসুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রনিকে পাওনা টাকার চেক দিয়ে দিয়েছেন বলে জানান। তবে এরপর রনি কোথায় গেছেন, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন মাসুম।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন জানান, রনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। তদন্তের একপর্যায়ে ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, মাসুমের বাসার নিচতলার ফাঁকা জায়গায় বালির নিচ থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে মাসুম দাবি করেছেন, বাসার ভেতরে রনির মাথায় ঘুষি মারা হলে তিনি মেঝেতে পড়ে যান। এরপর তার হাত-পা বেঁধে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহটি নিচতলার ফাঁকা জায়গায় বালিচাপা দেওয়া হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন