রাজধানী

নিয়ন্ত্রণে এসেছে শাহজালাল বিমানবন্দর এলাকার আগুন

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন একটি শপিং মলে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার এসব তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে উত্তরা বিভাগের বিমানবন্দর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হকও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন