আবহাওয়া

ঢাকার আকাশে মেঘের আনাগোনা, বজ্রবৃষ্টির সম্ভাবনা

সকালের শুরুতেই আকাশজুড়ে মেঘের আনাগোনা। কখনো আংশিক মেঘলা, আবার কখনো মেঘে ঢেকে গিয়েছে ঢাকার আকাশ। এর সঙ্গে দেখা দিয়েছে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। তবে এমন আবহাওয়ার মধ্যেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার এই মেঘলা পরিবেশের মধ্যেই রোববার সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আর আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন