যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস ব্রিজসংলগ্ন খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি মহাসড়কের পাশে ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৩০ জন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত ১২ জনকে ভর্তি করা হয়েছে।
এখনও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেড়াখোলা এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এসি//