অপহরণের ৯ দিন পর চার মাসের শিশু উদ্ধার, আটক ২
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত চার মাস বয়সী শিশু মারুফা জান্নাত মাহিকে নয় দিন পর চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মামলার দুই এজাহারভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গেল সোমবার রাতে র্যাব-১৫ কক্সবাজার ও র্যাব-৭ চট্টগ্রামের যৌথ অভিযানে নগরীর বন্দর থানার কমিশনার গলির কাঁচাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গত ২১ আগস্ট বাবা-মায়ের সঙ্গে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশুটি। পরদিন ২২ আগস্ট বিকেলে এক নারী শিশুটিকে কোলে নিয়ে পাশের ঘরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে বের হন। এরপর আর শিশুটিকে পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। এর মধ্যে ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে শিশুটির মায়ের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
পরে শিশুটির মা পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে মামলার দুই পলাতক আসামি চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশা (২৫)কে আটক করা হয়।
আটকদের হেফাজত থেকেই অপহৃত শিশু মাহিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। পরে উদ্ধার হওয়া শিশু ও আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএ//