হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
হবিগঞ্জের চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে।
রোববার (৩০ আগস্ট) দুপুর চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে সাড়ে ১২টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতের অংশে এ ঘটনা ঘটে। বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও পুলিশ জানায়, দুপুরে সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। সীমান্তের কাছে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তার পরনের পোশাক দেখে বাংলাদেশি বলে ধারণা করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সোহাগ মিয়ার বলে শনাক্ত করেন।
সোহাগকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের চাচা আবদুল কাদির বলেন, সীমান্ত এলাকায় সোহাগ গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। সেখানে বিএসএফ তাকে গরু চোরাকারবারি সন্দেহে গুলি করে।
লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, চিমটিবিল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। বিএসএফ গরু চোরাকারবারি শনাক্ত করে গুলি চালালে সোহাগ মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পরপরই বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আই/এ