ড্রেন খননকালে ৩৩৪ পিস কার্তুজ উদ্ধার
বগুড়া জেলা স্কুলের পাশে ড্রেনের নির্মাণ কাজ করার সময় একটি কার্টনে রাখা ৩৩৪ পিস এসএমজি (সাব-মেশিন গান)’র কার্তুজ উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্তুজগুলো উদ্ধার ও জব্দ করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জেলা স্কুলের পাশে পানি নিষ্কাশনের নতুন ড্রেন খননকালে শ্রমিকরা লাল রঙের টেপে মোড়ানো একটি পরিত্যক্ত কার্টন দেখতে পান। কার্টনটি তল্লাশি করে ভেতরে বেশ কিছু কার্তুজ পাওয়া যায়।’
তিনি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে কার্তুজগুলো গণনা করে মোট ৩৩৪ পিস এসএমজি’র কার্তুজ পাওয়া যায়। পুলিশ উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
উদ্ধার কার্তুজগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ওসি বাসস’কে বলেন, ‘কার্তুজগুলোর মধ্যে কিছু অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে। ফলে এগুলো ঠিক কতদিনের পুরোনো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।’
কার্তুজগুলোর উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে বগুড়া সদর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় পুলিশের বেশ কিছু অস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ খোয়া গিয়েছিল। উদ্ধার হওয়া কার্তুজগুলো ওই সময়ে লুট হওয়া কার্তুজের অংশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন।’
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে মো. ইব্রাহীম আলী বাসস’কে বলেন, ‘উদ্ধার করা কার্তুজগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে কি-না বা পরবর্তী কী ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সূত্র: বাসস
এমএ//