দেশজুড়ে

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

চট্টগ্রামে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (২২) ও একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (২১)। 

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, নিহত দুইজন পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে শুভ ও ওমর বাড়ি ফেরার পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। দুর্ঘটনার পর মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নেয়। 

ওসি ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন