ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত দেড়টায় ফতুল্লার ভূঁইগড় বাজারের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মাওলানা আকরাম হোসেন কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকার আব্দুল মতিনের ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন। আহতরা হলেন—একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যরাতে সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক সার্ভিস লেনে ঢুকে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, দোকানপাট ও দুটি ভ্যানগাড়ির ওপর সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মাওলানা আকরাম হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি মাহবুব আলম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমজে/এ