শিক্ষা

রেকর্ড সংখ্যক এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন, শঙ্কায় শিক্ষার্থী-অভিভাবকরা

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। অনেক শিক্ষার্থী একাধিক বিষয়ে আবেদন করায় পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা। তবে এত অল্প সময়ে বিপুলসংখ্যক খাতা কীভাবে সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা হবে, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে তৈরি হয়েছে শঙ্কা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানান, আবেদন করা প্রত্যেক শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। একই সাথে পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে কলেজে ভর্তির আবেদনের জন্য তাকে নতুন করে সময় দেওয়া হবে।

এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এত বিপুলসংখ্যক খাতা অল্প সময়ে দেখা প্রায় অসম্ভব। এ বিষয়ে নতুন নীতিমালা তৈরি করা হবে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর বিপুলসংখ্যক খাতা অল্প সময়ে পুনর্নিরীক্ষণ করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে।

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, অল্প সময়ে বিপুলসংখ্যক খাতা সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে শিক্ষার্থীদের স্বার্থে সরকারের এ সিদ্ধান্ত ইতিবাচক।

উল্লেখ্য, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আর এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বরের পর প্রকাশ হতে পারে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন