জাতীয়

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে দেশে ত্রাণসামগ্রী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক তথ্য বিবরণীতে এই তথ্য জানিয়ে বলা হয়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে-তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার ও বডি ব্যাগ প্রভৃতি।

এদিকে নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ২৮৯ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে আর অন্তত ৮২৬ জন। বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে ২৮৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে চিতওয়ানে ১০৮ জন, নাওয়ালপরাসি ইস্টে ৬২, ধাদিংয়ে ২৭, গোরখায় ২০, রাসুয়ায় ১৭, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৫, নুওয়াকোটে ১২ এবং তানাহুনে ৯ জন রয়েছেন।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৮২৬ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৪, নেপাল পুলিশের ২৮ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ সদস্য রয়েছেন।

এছাড়া নিখোঁজদের তালিকায় ৬৪৪ জন পর্যটক রয়েছেন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালের নাগরিক।

বুধবারের আকস্মিক বন্যায় রাসুয়াসহ নেপালের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ত্রিশূলী ও নারায়ণী নদীতে পানির প্রবল স্রোত দেখা দিলে বহু বসতবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে নেপাল সরকারের বিভিন্ন সংস্থা ও নিরাপত্তা বাহিনী উদ্ধার, তল্লাশি ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের কাজও চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন