জাতীয়

এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে দুই দফায় টানা ছুটির সুযোগ

বছর শেষ হওয়ার আগে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির হিসাবেও রয়েছে স্বস্তির খবর। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর—এই চার মাসে মিলবে পাঁচ দিনের সরকারি ছুটি। এর মধ্যে একটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। তবে অক্টোবরে এক দিন এবং ডিসেম্বরে এক দিন অতিরিক্ত ছুটি নিলে পাওয়া যাবে যথাক্রমে টানা পাঁচ দিন ও চার দিনের অবকাশ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

২৭ আগস্ট পর্যন্ত বছরের অধিকাংশ সরকারি ছুটি শেষ হয়েছে। এখন বাকি রয়েছে পাঁচ দিনের সরকারি ছুটি।

আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে অতিরিক্ত কোনো ছুটি মিলবে না।

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি কাটানো যাবে।

ডিসেম্বরে রয়েছে আরও দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে বড়দিন শুক্রবার হওয়ায় এই ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিশে যাবে।

তবে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন