শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ঘুরে বেড়াচ্ছিল সাপ
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে একসঙ্গে তিনটি সাপের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। এই তলাতেই রয়েছে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কার্যালয়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানান, করিডোরে সাপ দেখা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাটি সত্য।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, সকালে অফিসে এসে করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপের উপস্থিতি দেখা যায়। তিনটি সাপ করিডোরে ছোটাছুটি করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
সচিবালয়ের ১৯ তলার মতো উঁচু ভবনের করিডোরে সাপের উপস্থিতির ঘটনায় বিস্মিত কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের আশঙ্কা, ভবনের ভেতরের কোনো গুদাম বা অন্য স্থানে আরও সাপ লুকিয়ে থাকতে পারে। এ কারণে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
এসি//