দেশজুড়ে

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকার সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আসে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকার সাগরে ভ্রমণের সময় ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) এবং ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়।

তবে ওই দুর্ঘটনার পর থেকে ১৬ বছর বয়সী আলবার্ট নিখোঁজ ছিলেন। বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। চারজনই নিউজিল্যান্ডের নাগরিক এবং একই পরিবারের সদস্য।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বভ্রমণের উদ্দেশ্যে নিজেদের তৈরি নৌযানে সাগরপথে ভ্রমণ করছিল পরিবারটি। এরই ধারাবাহিকতায় তারা কক্সবাজারে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে ডাকাতির শিকার হন তারা। এরপর থেকে পরিবারের সদস্যরা কোস্টগার্ডের হেফাজতে ছিলেন।

এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার হওয়া নিউজিল্যান্ডের তিন নাগরিক বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন