আন্তর্জাতিক

হাসপাতালের ভেন্টিলেটর বিস্ফোরণে তিন নবজাতকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। আগুন ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে আরও ছয় শিশু। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিকটবর্তী একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভোরে অমরাবতী জেলা মহিলা হাসপাতালের শিশুদের ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের চারতলায় সদ্যোজাতদের বিশেষায়িত ইউনিটের সামনে থাকা একটি ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটে। এরপর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে দ্রুত শিশুদের ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ওই ওয়ার্ডে ৩৯টি শিশু চিকিৎসাধীন ছিল। আগুনে তিন নবজাতক গুরুতরভাবে দগ্ধ হয়ে মারা যায়। ধোঁয়া ও অতিরিক্ত তাপে আরও ছয় শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি চিকিৎসা সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে খবর পেয়ে ভোরেই হাসপাতালে পৌঁছান মহারাষ্ট্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ভেন্টিলেটরে কীভাবে বিস্ফোরণ ঘটল, বিস্ফোরণের পর আগুন এত দ্রুত শিশুদের ওয়ার্ডে ছড়িয়ে পড়ার কারণ কী এবং হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন