ভারতে স্বর্ণের দামে রেকর্ড দরপতন!
বছরের শুরুতে যে স্বর্ণ ও রুপার দাম ছিল সর্বোচ্চ পর্যায়ে, কয়েক মাসের ব্যবধানে সেই দুই মূল্যবান ধাতুর বাজারেই বড় পতন। জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত ভারতে স্বর্ণের দাম কমেছে ৩১ দশমিক ৫ শতাংশ। একই সময়ে রুপার দর কমেছে ৬৪ দশমিক ২ শতাংশ।
রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে স্বর্ণে ১০ লাখ টাকা বিনিয়োগ করা হলে শুক্রবার সেই বিনিয়োগের মূল্য দাঁড়াত প্রায় ৬ লাখ ৮৫ হাজার টাকা। অর্থাৎ, বিনিয়োগকারীর লোকসান হতো ৩ লাখ ১৫ হাজার টাকা।
অন্যদিকে, একই পরিমাণ অর্থ রুপায় বিনিয়োগ করলে তার বর্তমান মূল্য নেমে আসত প্রায় ৩ লাখ ৫৮ হাজার টাকায়। এতে লোকসানের পরিমাণ দাঁড়াত ৬ লাখ ৪২ হাজার টাকা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের বিক্রির চাপ—এই তিন কারণে স্বর্ণ ও রুপার দামে বড় পতন হয়েছে।
তবে ভবিষ্যতে দাম আবার বাড়ার সম্ভাবনাও রয়েছে। মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার প্রবণতা এ ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশেষজ্ঞদের পরামর্শ, স্বর্ণ কিনতে চাইলে একবারে পুরো অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনা উচিত। তবে বাজারে আরও ৫ থেকে ১০ শতাংশ দরপতন হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।