‘তৌহিদী জনতা’র বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও
সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেছেন, “নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। এটি ‘তৌহিদী জনতা’ বা কারো বাধার কারণে থেমে থাকবে না। স্থানীয়রা বসে সমাধান না করতে পারলে, আমরা বসে সমাধান করে দিব।”
শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ইউএনও বলেন, “নৌকাবাইচ আয়োজক কমিটি এবং যারা বাধা দিচ্ছে- তারা কেউ আমাদের কিছু জানায়নি। বিষয় জেনে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে, সমাধান করার জন্য। বিকালে এলাকার লোকজন সভায় বসবেন। এটি সমাধান হয়ে যাবে।”
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “নৌকাবাইচ যথাসময়ে হবে। প্রস্তুতির বিষয়ে গতকাল আমরা মিটিং করেছি, আজও সন্ধ্যার দিকে আরেকটা মিটিং আছে। নৌকাবাইচ হচ্ছে।”
স্থানীয়রা জানান, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মত এবারও ২৮ অগাস্ট বার্ষিক নৌকাবাইচের আয়োজন করা হয়। অনেক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় আয়োজকরা অতীতে কোনো বাধার মুখে পড়েননি।
কিন্তু এবার ‘তৌহিদী জনতার’ ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করে। এ ছাড়া গতকাল বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে কয়েকজন এক সভা করে প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছেন।
আই/এ