দেশজুড়ে

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকালে নগরের পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাবা মামুন মিয়া ও মা মুক্তা বেগম।

চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এইচএসসি পরীক্ষা দিতে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে কেন্দ্রে যাচ্ছিল নাফিসা। নেভি হাসপাতাল গেটের বিপরীতে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি ক্রেনের সংঘর্ষ হয়। এতে নাফিসা গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্যার কারণে চট্টগ্রামে চলতি বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থগিত পরীক্ষাগুলো শুরু হয়। শনিবার ছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা। এই পরীক্ষা দিতে যাওয়ার পথেই প্রাণ হারালেন নাফিসা।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন