শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি
শপথ গ্রহনের পরদিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে রাষ্ট্রপতির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্র এ তথ্য জানিয়েছে।
এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেওয়ার পাশাপাশি বিউগলে বাজানো হবে করুণ সুর।
রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে প্রস্তুতির পাশাপাশি পুরো এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে সই করবেন রাষ্ট্রপতি। এরপর মিন্টো রোডের বাসায় ফিরবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের নিকট শপথ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম।
আর/আই