জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের মানতে হবে ইসির ৯ নির্দেশনা

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে চলবে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত ড. অলি আহমদ, বীর বিক্রম। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি ও করণীয় জানিয়ে নয় দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় ভোটার সংসদ সদস্যদের জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সংসদ কক্ষে প্রবেশ ও ভোটগ্রহণ

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। নির্ধারিত এই সময়ে কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে।

সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র

সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

যেভাবে সংগ্রহ করতে হবে ব্যালট

নিজ নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। এরপর ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে সেটি সহায়তাকারী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

পছন্দের প্রার্থীকে ভোট

ব্যালট পেপারের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে থাকা নির্দিষ্ট ফাঁকা স্থানে ভোটারের পূর্ণ নাম লিখতে হবে।

ব্যালট জমা দিতে হবে নির্ধারিত বাক্সে

ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপারটি সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

ব্যালট নষ্ট হলে করণীয়

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট বা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে ফেলার আগে নির্বাচনকর্তার কাছে দেখাতে হবে। এরপর নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নির্বাচনী প্রচার নিষিদ্ধ

ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।

সমস্যা হলে চিফ হুইপের সহায়তা

ভোট দেওয়ার সময় কোনো ধরনের সমস্যা দেখা দিলে চিফ হুইপ এবং বিরোধীদলের চিফ হুইপের সহায়তা নিতে হবে।

ব্যালটে পূর্ণ নাম লিখতে হবে

ব্যালট পেপারে ভোটারের পূর্ণ স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে স্বাক্ষরের পরিবর্তে পূর্ণ নাম লিখতে হবে।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে ব্যালট গণনা। প্রথমে মোট কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে।

সর্বোচ্চসংখ্যক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এর ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৬ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুজনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করা হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন