ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। এখন থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন, উল্টো পথে যানবাহন চালানো কিংবা ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ বিভিন্ন ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই আধুনিক ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার অংশ হিসেবে হাইওয়ে পুলিশ একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পুরো মহাসড়কটিকে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে ইতিমধ্যে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, জরিমানার তথ্য তাৎক্ষণিকভাবে বিআরটিএর ডাটাবেজে চলে যাবে। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। মালিক অনলাইনে বা মোবাইলের মাধ্যমে সহজেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। বারবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে নিবন্ধন বাতিলের বিষয়টি বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী বিবেচনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এ ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। এতে সড়কে আইন মানার প্রবণতা বাড়বে এবং দুর্ঘটনা কমবে বলে সরকার আশা করছে।
উল্লেখ্য, মহাসড়কের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, সড়ক নিরাপত্তা আরও সুদৃঢ় করা এবং প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও স্বচ্ছ উপায়ে আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।
আর/আই