এটা কেবল একটি জয় নয়, এটা বিশ্বের প্রতি একটা বার্তা- তামিম
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় এই জয় লিখা থাকবে স্বর্ণাক্ষারে। বিসিবি সভাপতি তামিম ইকবালও ভাসছেন আনন্দের জোয়ারে।
ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘এটা দারুণ অর্জন। এই ছেলেরা যা অর্জন করেছে তা দুর্দান্ত। এটা কেবল একটি জয় নয়, এটা বিশ্বের প্রতি একটা বার্তা। টেস্টে ক্রিকেটে আমরা যেমন খেলছি, পাকিস্তান সিরিজেও আমরা যেমন পারফর্ম করেছি। বাংলাদেশে গ্রিনিশ উইকেটে যা সাধারণত দেখি না আমরা।’
তামিম আরও বলেন, ফাস্ট বোলিং ইউনিটকে (দারুণ) অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের জন্য আমরা ম্যাচে (জেতার) সুযোগ সৃষ্টি করতে পেরেছি। অবশ্যই, এই সফরে ব্যাটাররা দারুণ করছে। আমি অনেক খুশি এবং অনেক গর্বিত।
টিম অফিসিয়ালদের প্রশংসা করে তিনি বলেন, এই জয়ের কৃতিত্ব প্লেয়ার, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করে এই অর্জন পেয়েছে। বোর্ডে আমরা কেবল তাদের সুযোগ-সুবিধা দেই, এটাই আমাদের কাজ। আমাদের কোনো কৃতিত্ব নেই এখানে, বরং আমাদের উচিত তাদেরকে কৃতিত্ব দেওয়া।
সিরিজের আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে নিজের আলাপের ঘটনাও শেয়ার করে তামিম বলেন, ‘অধিনায়কের সঙ্গে যখন কথা বলছিলাম তখন সে আমাকে বলেছিল যে, দল বিশ্বাস করে আমরা জিততে পারি। আমি বলেছিলাম, অবশ্যই, কেন নয়?
দারুণ এই জয়ের পর বড় প্রশ্ন, এই জয়ের ধারা কি বজায় রাখতে পারবে বাংলাদেশ দল? তামিম ইকবাল বললেন, আমার আসলে কোনো প্রেডিকশন করা উচিত না। প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট সেখানে আছে। তারাই খেলোয়াড়দের উজ্জীবিত রাখবে সামনের ম্যাচে ভাল খেলতে।
আর/আই