চলতি অর্থবছরেই শেষ হবেস্থানীয় সরকার নির্বাচনঃমীর শাহে আলম
চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে এ কথা জানান তিনি।
তিনি সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি ‘স্থানীয় সরকার নির্বাচন’ এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যত্যয় হবে না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমার কাছে যেটুকু তথ্য আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি এই তথ্যটি দিলাম। আপনাদের কাছ থেকে আমরা কিন্তু আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় নিয়েছি।
নির্বাচন দ্রুত আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও অর্থের সংশ্লিষ্টতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে। সব মিলিয়ে আমরা চেষ্টা করবো যেন দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়।
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ে কাজ পরিচালনা করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি এলে সেবার মান ও কাজের গতি আরও বাড়বে।
আর/আই