কল্যাণমুখী রাষ্ট্র গড়তে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের জীবনমান ও ভাগ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। জনগণ যাতে উন্নয়নের সুফল পায়, সে লক্ষ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশের মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানো এবং সাধারণ মানুষের জন্য মাছ সহজলভ্য করতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
একই সঙ্গে কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
নারী শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী করে তুলতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করা হবে।
এ ছাড়া প্রাথমিক পর্যায়ের সুবিধাবঞ্চিত ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে পোশাক ও স্কুলব্যাগ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে অপরিকল্পিত বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছিল, তার প্রভাব এখন সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখন দেশে শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।
রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো কিংবা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী।
এসি//