মাত্র ২০ রুপিতে গোমূত্র কিনছে ভারত সরকার
গরুর দুধের পাশাপাশি এবার গোমূত্রও হয়ে উঠতে যাচ্ছে আয়ের উৎস। ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে উত্তর প্রদেশে। বুলন্দশহরের ১৫টি গ্রামে চালু হওয়া এই প্রকল্পে ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। এই সংগ্রহ কার্যক্রমে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করা। পাশাপাশি গ্রামীণ নারীদের জন্যও অতিরিক্ত উপার্জনের পথ তৈরি হবে বলে মনে করছে সরকার।
শুধু আয় বাড়ানো নয়, দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভালেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। গোমূত্র সংগ্রহের বিনিময়ে অর্থ পাওয়ার সুযোগ থাকলে কৃষকেরা এসব গরুর যত্ন নিতে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে বুলন্দশহরের ১৫টি গ্রামকে প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। সেখানে পরীক্ষামূলকভাবে গোমূত্র সংগ্রহের কার্যক্রম চলছে। বর্তমানে সংগৃহীত গোমূত্রের পরিমাণ প্রতিদিন প্রায় ৫০০ লিটার।
তবে সরকারি এই উদ্যোগ নিয়ে শুরু থেকেই সমালোচনা রয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করেছে।
সরকার অবশ্য প্রকল্পটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রেখেছে। এই উদ্যোগ কতটা কার্যকর হয়, কৃষক ও গ্রামীণ নারীদের জন্য এটি কতটা আয় তৈরি করতে পারে এবং গরুর দেখভালে এর প্রভাব কী হয়—তা পর্যালোচনার পর প্রকল্পের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসি//