কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে আটক করেছে স্থানীয়রা
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। আটক দুই ভারতীয় নাগরিক হলেন- নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে শ্রী নরতন বিশ্বাস (৩৫)।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এস সংলগ্ন এলাকায় কৃষিকাজ করতে গেলে পশ্চিমবঙ্গের নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।
মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়রা মিলে সীমান্তের কাছে ভারতীয় দুই নাগরিককে দেখতে পেয়ে তাদের আটক করে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।
লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আজ আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিক ফেরত আনার পাশাপাশি আটক ভারতীয় নাগরিকদেরও ফেরত দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ