আন্তর্জাতিক

সিরিয়ায় বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আসাদ এবং চাচাতো ভাই আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় সংঘটিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আলাদত বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বর্তমানে রাশিয়ায় নির্বাসনে রয়েছেন। একই সঙ্গে মাহের আল-আসাদকেও পূর্বপরিকল্পিত হত্যা ও নির্যাতনের অভিযোগে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনিও বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আতেফ নাজিব সিরিয়ার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন ও ২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন তিনি।

রায়ে বলা হয়, আসাদকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য ও নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সাথে, ২০১১ সালে দেরা প্রদেশে আসাদ সরকারের দ্বারা সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের শামিল।

রায়ে আরও বলা হয়, নাজিব ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ডযোগ্য নির্যাতন চালিয়েছেন। দক্ষিণ দারা প্রদেশে দমন-পীড়নের ফলে বিদ্রোহ এবং পরবর্তীতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। মূলত দমন-পীড়নের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল–শারার (বর্তমান প্রেসিডেন্ট) নেতৃত্বে দেশটির বিদ্রোহীরা বাশার আল–আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করেন।  ২০২৪ সালের ৮ ডিসেম্বরবাশার  আল–আসাদ পদত্যাগ করে পরিবারের সদস্যদের নিয়ে রাশিয়ায় পালিয়ে যান। তিনি এখনো সেখানেই অবস্থান করছেন। তবে এ সময় নাজিব পালাতে পারেননি। ফলে তাকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়।

আসাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই রায়টি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের অধীনে প্রথম কোনো রায়। পাঁচ দশোকেরও বেশি সময় যাবত হাফেজ আল-আসাদ এবং পরে তার পুত্র বাশার আল-আসাদ সিরিয়া শাসন করেছিলেন।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন