সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত
জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামালপুর জজ আদালতের ইসলামপুর সহকারী জজ এ কে এম ছামিউল হক (২৭) নিহত হয়েছেন। নিহত ছামিউল হক নেত্রকোনা জেলার সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ছামিউল হক প্রাইভেটকারে করে ঢাকা লালমাটিয়া এলাকার থেকে জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রডবোঝাই একটি ট্রাকের চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। ভোর ৪ টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকটির পেছনে থেকে ছামিউল হককে বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ছামিউল হক নিহত হন এবং প্রাইভেটকার চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে নিয়ে যান এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আর/আই