রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, সাক্ষাৎ করবেন হেফাজত আমিরের সঙ্গে
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যাচ্ছেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন তিনি। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে লিখিত দাবি-দাওয়া তুলে দেওয়ার কথা রয়েছে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরকে তারা ইতিবাচকভাবে দেখছেন। হেফাজত আমিরের পক্ষ থেকে লিখিত কিছু দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে।
হেফাজত আমিরের দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরই আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু পরদিন থেকে রমজান শুরু হওয়ায় এবং বাবুনগর মাদরাসায় খতমে তারাবির দায়িত্ব থাকায় ঢাকায় যাওয়া সম্ভব নয় বলে হুজুর প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন।
পরে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ এবং তার দোয়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর অনুষ্ঠিত হচ্ছে।
যেভাবে সাজানো প্রধানমন্ত্রীর সফরসূচি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল শাখার প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টার দিকে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।
কক্সবাজারের কর্মসূচি শেষে দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এরপর ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যাবেন আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায়।
মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ সময় হেফাজতের পক্ষ থেকে লিখিত দাবি-দাওয়া তুলে দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফটিকছড়িজুড়ে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে চলছে নানা প্রস্তুতি। বিশেষ করে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর আগমন এবং হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বলে জানান তিনি।
এরপর হাটহাজারী ও চট্টগ্রাম নগরে কর্মসূচি
ফটিকছড়ির কর্মসূচি শেষে দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শনের পাশাপাশি মোনাজাতে অংশ নেবেন তিনি।
বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের একটি হোটেলে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
সবশেষে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
এসি//