আওয়ামী লীগকে রাজনীতিতে আনা হবে জঘন্য অপরাধ : জামায়াত আমির
জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,এ পর্যন্ত আওয়ামী লীগ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি। একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাদের কোনো অনুশোচনা দেখা গেল না। শুধু দল ভারি করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ কারো করা উচিত হবে না।
শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউজে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসুক। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল, গুম হওয়া সকলে ফিরে আসেনি এখনও। এ অবস্থায় আওয়ামী লীগ এখনই রাজনীতিতে চলে আসবে?’
তিনি বলেন, সংসদের ভিতরে অবশ্যই সহযোগিতা করছি, যেখানে সহযোগিতা করা দরকার আর যেখানে বিরোধিতা করা দরকার সেখানে বিরোধিতা করছি। এক সময় সংসদে মারামারি হয়েছে। ফাইল ছুঁড়ে মারা হয়েছে। একে অন্যের দিকে তেড়ে গেছে। অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকে বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক। এটা আমরা অব্যাহত রাখব। কোনো উস্কানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসব না।
তিনি আরও বলেন, এখনো সরকার ও বিরধীদল দুই মেরুতে আছে। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই অপমান করতে দেওয়া হবে না।
বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান , বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম প্রমুখ।
আই/এ