বগুড়ায় বাস চাপায় নিহত ৬, আহত ১৫
বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় প্রাণ গেছে ছয়জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার (০৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। ভোরে সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে সেখানে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৮ জন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এমএ//